ময়মনসিংহ প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পঙ্ক্তি ‘সৃষ্টি সুখের উল্লাসে’ প্রতিপাদ্য সামনে রেখে ‘নজরুল বর্ষ’ (২০২৬-২০২৭) উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
আগামী ১১ অক্টোবর ২০২৬, রোববার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহের সারিন্দা সাবারি রিসোর্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. রুকুনোজ্জামান রোকন।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষাক্ষেত্রে অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, সাহিত্যচেতনা ও প্রেরণাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেও ‘সৃষ্টি সুখের উল্লাসে’ প্রতিপাদ্যটি নির্বাচন করা হয়েছে।
এ সংবর্ধনার মাধ্যমে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।