ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচির উদ্বোধন: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’

  • আপলোড তারিখঃ 26-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 668 জন
ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচির উদ্বোধন: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ ছবির ক্যাপশন: পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক দুটি স্কুলের আঙিনায় শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। ‘ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের আওতায় এবং জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২৬ জুলাই) এই অভিযানের সূচনা হয়।

নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি জেলা প্রশাসক নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন। তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে উভয় স্কুলের আঙিনা, ভবন ও শ্রেণিকক্ষ পরিষ্কার করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন,“নিজের ঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজ নিজ স্কুল, স্কুলের আঙিনা ও শহর পরিষ্কার রাখতেও আমাদের উদ্যোগী হতে হবে। চকলেটের খোসাসহ সকল ব্যক্তিগত আবর্জনা নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার উত্তম চর্চা তৈরি করতে এখন থেকে ময়মনসিংহের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার এ কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম মূল্যায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে। প্রতি মাসে মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হবে বলেও তিনি ঘোষণা দেন। সমাজের সকল স্তরের মানুষকে এ অভিযানে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক দুটি স্কুলের আঙিনায় শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়