ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল মিয়া (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১২ জুলাই (রবিবার) রাত ১০:২০ মিনিটে জেলা সদরের কোতোয়ালী মডেল থানাধীন চরকালিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসির (দক্ষিণ) নির্দেশনায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে চরকালিবাড়ী এলাকা থেকে রুবেল মিয়াকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়া চরকালিবাড়ী এলাকার মৃত হাসমত আলী ও মোছাঃ রাশেদা বেগমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক কারবারির সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও জানায়, এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ডিবি পুলিশের এই সফল মাদক উদ্ধার অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।