ভক্তি, আনন্দ, হরিনাম সংকীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে উল্টো রথযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব।
শুক্রবার (২৪ জুলাই) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত ময়মনসিংহের কেন্দ্রীয় দুর্গাবাড়ী মন্দিরে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্ত, সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
উৎসবের অংশ হিসেবে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত রথে অধিষ্ঠিত করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাক, করতাল, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তরা রথের রশি টেনে ভগবানের আশীর্বাদ কামনা করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা জনাব আবু ওয়াহাব আকন্দ। তিনি বলেন ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল। তিনি বলেন, "সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করছে, যা দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করছে। মানবতা, নৈতিকতা ও সহমর্মিতার শিক্ষা ধর্মের মূল বার্তা। সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকারসহ জেলা ও মহানগরের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৯ দিনব্যাপী এই মহোৎসব চলাকালে প্রতিদিন মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজভোগ এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের মতো উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও ভক্তদের হৃদয়ে এর আধ্যাত্মিক আবহ দীর্ঘদিন স্মৃতিময় হয়ে থাকবে।