স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ রাতে জেলার মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় এই অভিযানসমূহ পরিচালিত হয়।
মুক্তাগাছায় ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
গত ১০ জুলাই সন্ধ্যা ৭:২৫ ঘটিকায় ডিবি পুলিশের একটি টিম মুক্তাগাছা থানাধীন চক লাঙ্গুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চক লাঙ্গুলিয়া এলাকার মৃত রেজাউল করিম দুলালের ছেলে মোঃ আশরাফুল ইসলাম মোড়ল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা মূল্যের ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোতোয়ালীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
একই দিন রাত ৮:০০ ঘটিকায় অপর একটি অভিযানে কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী বাজার এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— গৌরীপুর থানার কাশিয়ারচর এলাকার আবুল হাসিমের ছেলে মোঃ আশরাফুল (২৬) এবং কোতোয়ালী থানার বা.কৃ.বি শেষ মোড় এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৫)। তাদের কাছ থেকে আনুমানিক ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল। এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশের এই সফল মাদক উদ্ধার অভিযানের ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।