ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলের মা মোসাম্মৎ মাকসুদা খানমের দুই দফা জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ময়মনসিংহ নগরী ও হালুয়াঘাটে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
মরহুমা মাকসুদা খানম গত সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মঙ্গলবার বাদ জোহর ময়মনসিংহ বড় মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই দিন বাদ আসর বিকেল ৫টায় হালুয়াঘাট উপজেলার ঘাশিগাঁও দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ নগরীতে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রুকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
হালুয়াঘাটে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজায় মরহুমার বড় ছেলে ও দেশের স্বনামধন্য ব্যবসায়ী মো. ইমরান ওমর উপস্থিত মুসল্লি ও সবার উদ্দেশে বক্তব্য দেন। তিনি মায়ের জীবদ্দশায় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
মরহুমা মাকসুদা খানমের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।