ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম কথিত হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে ধোবাউড়া থানার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া গ্রামের মো. একরামুল ইসলাম (৩৮) এবং উত্তর রাণীপুর গ্রামের মো. জয়নাল আবেদীন (৪০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
অভিযানে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, ১০ গ্রাম কথিত হেরোইন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।