নিজস্ব প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা হিসেবে এনামুল কবীর টুকুর গেজেট বাতিল হওয়ার পর তাকে নড়াইল প্রেসক্লাবের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সভায় সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তার সনদ বাতিল করে। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তার মুক্তিযোদ্ধা গেজেটও বাতিল করে।
এরই পরিপ্রেক্ষিতে নড়াইল প্রেসক্লাবের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সাধারণ সভায় তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ২৬৪ বাতিল করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, তার মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়ে অভিযোগ পাওয়ার পর যাচাই-বাছাই ও তদন্ত করে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল।
এদিকে গেজেট বাতিলের বিষয়ে এনামুল কবীর টুকু বলেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন।
প্রেসক্লাব কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের বিতর্কের পর এনামুল কবীর টুকুর নড়াইল প্রেসক্লাবের সদস্যপদেরও অবসান হলো।