ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুরে গভীর রাতে পুড়ল শতাব্দী প্রাচীন নাট্যমঞ্চ থেকে রূপান্তরিত সিনেমা হল

ময়মনসিংহের গৌরীপুরে প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক নাট্যমঞ্চ থেকে রূপান্তরিত ‘ঝলমল সিনেমা হলে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার পর পৌর শহরের এ স্থাপনায় আগুন লাগে। এতে ঐতিহাসিক নাট্যমঞ্চসহ একটি ফার্নিচার কারখানা, এলপিজি গ্যাসের গোডাউন, ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় ও কয়েকটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
  • আপলোড তারিখঃ 07-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5257 জন
গৌরীপুরে গভীর রাতে পুড়ল শতাব্দী প্রাচীন নাট্যমঞ্চ থেকে রূপান্তরিত সিনেমা হল ছবির ক্যাপশন: ময়মনসিংহের গৌরীপুরে প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক নাট্যমঞ্চ থেকে রূপান্তরিত ‘ঝলমল সিনেমা হলে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:


ময়মনসিংহের গৌরীপুরে প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক নাট্যমঞ্চ থেকে রূপান্তরিত ‘ঝলমল সিনেমা হলে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার পর পৌর শহরের এ স্থাপনায় আগুন লাগে। এতে ঐতিহাসিক নাট্যমঞ্চসহ একটি ফার্নিচার কারখানা, এলপিজি গ্যাসের গোডাউন, ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় ও কয়েকটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গৌরীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. কবিরুল আলম জানান, রাত ২টার পর আগুন লাগার খবর পেয়ে গৌরীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ২০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের একটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের একটি এবং ময়মনসিংহ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দীর নেতৃত্বে মোট পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন সম্পূর্ণ নির্বাপনের ঘোষণা দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আবারও আগুনের শিখা দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুনরায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঐতিহাসিক নাট্যমঞ্চ থেকে ‘ঝলমল সিনেমা হল’

গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর একমাত্র পুত্র বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী বিংশ শতাব্দীর ত্রিশের দশকে এই ঐতিহাসিক নাট্যমঞ্চটি প্রতিষ্ঠা করেন। সঙ্গীত ও নাট্যকলার প্রতি অনুরাগী বীরেন্দ্র কিশোর কলকাতায় পড়াশোনার সময় সেখানকার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের স্থাপত্যশৈলী ও কাঠামো অনুসরণ করে গৌরীপুরে এই নাট্যমঞ্চ নির্মাণ করেন।

প্রতিষ্ঠার পর এই মঞ্চে ঐতিহাসিক ‘শাহজাহান’ নাটকটি উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয়। একসময় দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পী ও গুণীজনদের পদচারণায় মুখরিত ছিল এই নাট্যমঞ্চ।

পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্তির পর পাকিস্তান আমলে স্থাপনাটি সরকারের মালিকানায় চলে যায়। এরপর চলচ্চিত্র প্রদর্শনের জন্য এটি লিজ দেওয়া হলে প্রথমে ‘গিরি সিনেমা হল’, পরে ‘প্রতিমা সিনেমা হল’ এবং সর্বশেষ ‘ঝলমল সিনেমা হল’ নামে পরিচিতি পায়। বর্তমানে মহব্বত আলী চৌধুরীসহ ১৮ জনের নামে এটি লিজ রয়েছে।

ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি প্রতিনিধি দল এই নাট্যশালাসহ গৌরীপুর উপজেলার বিভিন্ন রাজবাড়ী এলাকা জরিপও করেছে।

পুড়েছে ফার্নিচার কারখানা ও এলপিজি গোডাউন

অগ্নিকাণ্ডে সিনেমা হলের ভেতরে থাকা ফার্নিচার কারখানার কাঠ, নির্মাণাধীন আসবাবপত্র ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। কারখানার মালিক তাজ উদ্দিন ভুট্টো জানান, আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর তিনি বিষয়টি জানতে পারেন।

এলপিজি স্টোরের মালিক তানভীর আহমেদ জানান, আগুন লাগার আগের রাতে তার গোডাউনে ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডারের একটি চালান আসে। আগুনে সেগুলোসহ গোডাউনের সবকিছু পুড়ে যায়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিনেমা হলের সামনে থাকা ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয়টিও আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ইউনিয়নের সভাপতি মো. মজনু মিয়া জানান, এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া আলোসজ্জার দোকানের মালিক বকুল মিয়ার দুটি জেনারেটরসহ প্রায় আট লাখ টাকার তার, লাইট ও অন্যান্য যন্ত্রপাতি পুড়ে গেছে। আরও কয়েকটি দোকান আগুনে পুড়ে ও ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তদন্ত কমিটি গঠন করা হবে

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা জানান, ‘ঝলমল সিনেমা হল’ রাষ্ট্রীয় সম্পত্তি। সিনেমা হল পরিচালনার জন্য সরকার এটি লিজ দিয়েছিল। অগ্নিকাণ্ডের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন